দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানকে চাপে ফেলতে হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই উদ্যোগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছে না যুক্তরাজ্য।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ঘোষিত এই অবরোধে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। যদিও দেশটির মাইনসুইপার জাহাজ ও ড্রোন প্রতিরোধ সক্ষমতা মধ্যপ্রাচ্যে আগের মতোই কার্যক্রম চালিয়ে যাবে।
যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা নৌ-চলাচলের স্বাধীনতা এবং হরমুজ প্রণালিতে অবাধ চলাচল বজায় রাখতে সমর্থন দিচ্ছি। বৈশ্বিক অর্থনীতি ও দেশের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ।’
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা দেন। পরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বন্দরগুলোতেও অবরোধ আরোপের কথা জানায়।
ট্রাম্প দাবি করেন, এই অবরোধে আরও কয়েকটি দেশ অংশ নেবে এবং ন্যাটোও সহায়তার প্রস্তাব দিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাজ্যসহ কিছু দেশ মাইনসুইপার জাহাজ পাঠাবে।
তবে ন্যাটো ও যুক্তরাজ্য এখন পর্যন্ত এ ধরনের কোনো অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি।
এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগেই জানিয়েছেন, ইরান-সংক্রান্ত এই সংঘাতে যুক্তরাজ্য সরাসরি সামরিকভাবে জড়াবে না।
বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হয়। ফলে এই জলপথে উত্তেজনা আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
এমএস/